বিজেপির প্রার্থী হতে চান দিলীপ-পত্নী রিঙ্কু, সবুজ সংকেত দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি নিজে – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সম্প্রতি তিনি সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে গিয়ে নিজের বায়োডেটা জমা দিয়েছেন। সেখানে মেদিনীপুর, বীজপুর এবং নিউটাউন—এই তিনটি আসনের যেকোনো একটি থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। ২০১৩ সাল থেকে দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতাকেই তিনি নিজের যোগ্যতার মাপকাঠি হিসেবে তুলে ধরেছেন।
স্ত্রীর এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, বহু পুরনো কর্মী হিসেবে রিঙ্কুর প্রার্থী হওয়ার ইচ্ছা থাকতেই পারে এবং দল যোগ্য মনে করলে অবশ্যই টিকিট দেবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হারের পর দিলীপ ঘোষের রাজনৈতিক প্রত্যাবর্তনের আবহেই রিঙ্কুর এই সক্রিয়তা গেরুয়া শিবিরের অন্দরে নতুন সমীকরণ তৈরি করছে। পদ্ম শিবিরের প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত এই দম্পতি জায়গা পান কি না, এখন সেটাই দেখার।

