বেআইনি সুবিধা ভোগ, এক ধাক্কায় বাতিল পৌনে আট লক্ষ অবৈধ রেশন কার্ড – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির রেশন ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটাল রেখা গুপ্তর নতুন সরকার। রাজধানী জুড়ে রেশন ব্যবস্থার আমূল শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হতেই এক ধাক্কায় বাতিল হয়ে গেল ৭ লক্ষ ৭২ হাজারের বেশি অবৈধ রেশন কার্ড। দীর্ঘ ১৩ বছর পর দিল্লিতে নতুন রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করার আগেই এই অডিট বা অভ্যন্তরীণ সমীক্ষা চালায় প্রশাসন। আর তাতেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যার জেরে এই গণবাতিলের সিদ্ধান্ত।
আয়ের ঊর্ধ্বসীমা লঙ্ঘন ও অবৈধ সুবিধা
দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া কার্ডগুলির মধ্যে সিংহভাগ গ্রাহকই আয়ের ঊর্ধ্বসীমা না মেনে বেআইনিভাবে সরকারি সুবিধা ভোগ করছিলেন। সমীক্ষায় দেখা গেছে, ৬ লক্ষ ৪৬ হাজার ১২৩ জন গ্রাহকের বার্ষিক আয় সরকারি নিয়মের চেয়ে অনেক বেশি। এছাড়া, প্রায় ৯৫ হাজার গ্রাহক গত এক বছর ধরে কোনো রেশন তোলেননি এবং ৬ হাজারেরও বেশি মৃত ব্যক্তির নামেও সক্রিয় ছিল রেশন কার্ড। এই বিপুল পরিমাণ অনিয়ম রুখতেই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
মধ্যবিত্তের স্বস্তি ও নতুন আবেদনের সুযোগ
কার্ড বাতিলের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে রেশন পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে সরকার। এতদিন দিল্লিতে রেশন পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয়ের সীমা ছিল ১.২ লক্ষ টাকা। দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সুবিধার কথা মাথায় রেখে সেই সীমা বাড়িয়ে এবার ২.৫ লক্ষ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যেমন বহু পরিবার নতুন করে রেশন ব্যবস্থার আওতায় আসার সুযোগ পাবে, তেমনই সাড়ে সাত লক্ষের বেশি কার্ড বাতিল হওয়ায় যোগ্য আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
