বোনের সাথে অবৈধ সম্পর্কের জের: পিটিয়ে যুবককে খুন, মৃতদেহ ভাসাল সমুদ্রে! – এবেলা

এবেলা ডেস্কঃ
বোনকে নিয়ে আপত্তিকর সম্পর্ক, ছক কষে বন্ধুকে পিটিয়ে খুন ও সমুদ্রে দেহ ভাসাল ভাই
তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। বোনকে নিয়ে অবৈধ সম্পর্কের জেরে বন্ধুকে পালের বৈঠা দিয়ে পিটিয়ে খুনের পর মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত রামনাথপুরমের সায়লগুডি এলাকায়। নিহত সিলম্বরাসন (৩৫) পেশায় একজন বিল্ডিং ঠিকাদার ও মৎস্যজীবী ছিলেন। স্থানীয় এক বিধবা নারীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। ওই নারীর ভাই সেলভালিঙ্গম এই সম্পর্কের কথা জানতে পেরে সিলম্বরাসনকে বারবার সতর্ক করেন। কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে উল্টো সিলম্বরাসন ওই নারীকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। নিজের পরিবারের সম্মান রক্ষার্থেই সিলম্বরাসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সেলভালিঙ্গম।
পরিকল্পনা অনুযায়ী, গত ১৫ মে সেলভালিঙ্গম তাঁর দুই বন্ধু মারিমুথু ও রমেশ কান্নানকে নিয়ে সিলম্বরাসনকে পার্টি করার অজুহাতে সমুদ্রতটে নিয়ে যান। সেখানে মদ্যপানের মাধ্যমে তাঁকে নেশাগ্রস্ত করে অচৈতন্য করা হয়। এরপর তিনজনে মিলে নৌকার বৈঠা দিয়ে সিলম্বরাসনের ওপর ঝাঁপিয়ে পড়েন। নির্মম প্রহারে তাঁর মৃত্যু নিশ্চিত করে অপরাধের প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ সমুদ্রে নিক্ষেপ করা হয়।
পরের দিন সমুদ্রতটে মৃতদেহটি ভেসে উঠলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেলভালিঙ্গম তাঁর সঙ্গীদের টাকা দিয়ে অন্যত্র সরিয়ে দিলেও, শেষ পর্যন্ত মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করে। জেরায় তারা তাদের দোষ স্বীকার করেছে। পরিবার ও সামাজিক সম্মান রক্ষার্থে এই জঘন্য পথ বেছে নেওয়ার কথা জানিয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর পর ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
