লেটেস্ট নিউজ

বিজেপির প্রার্থী তালিকা কি মোদির ব্রিগেড সমাবেশেই? তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ। রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই মেগা মঞ্চ থেকেই কি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি? যদিও এই বিষয়ে রাজ্য বিজেপির কোনো নেতা এখনো মুখ খোলেননি, তবে দিল্লির তৎপরতা অন্য ইঙ্গিত দিচ্ছে।

বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সূত্রের খবর, আজ বৃহস্পতিবারও কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আসার ঠিক আগেই এই গোপনীয় ও ঘনঘন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিগেড সমাবেশকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে প্রার্থীদের নাম ঘোষণা করে চমক দিতে পারে পদ্ম শিবির। খবর রয়েছে যে, এবারের তালিকায় মহিলা এবং তরুণ মুখদের বিশেষ প্রাধান্য দেওয়া হতে পারে। পাশাপাশি, অন্য দল থেকে আসা নেতাদের ক্ষেত্রে দল এবার অনেক বেশি সতর্ক। সব মিলিয়ে মোদির ব্রিগেড ঘিরে এখন টানটান উত্তেজনা বঙ্গ রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *