লেটেস্ট নিউজ

বউবাজারে কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনে অভিযুক্ত যুবক শ্রীঘরে, বাজেয়াপ্ত অপরাধে ব্যবহৃত গাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বউবাজার এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবক মহম্মদ সমীরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কলকাতার বিচারভবনের পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি আগামী ২৪ মার্চ পর্যন্ত অভিযুক্তের হেফাজত মঞ্জুর করেন।

মামলার সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই কিশোরীকে জোরপূর্বক গাড়ি করে বারুইপুরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে নির্যাতিতাকে সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন একটি মেট্রো স্টেশনের কাছে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশি তদন্তে বিহারের বৈশালির বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর মেডিকেল পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। অন্যদিকে, অভিযুক্তের পক্ষের জামিনের আবেদনের পরবর্তী শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *