কেয়ারটেকার থেকে পাকাপাকি বস্, ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হলো মাইকেল ক্যারিক যুগ! – এবেলা

কেয়ারটেকার থেকে পাকাপাকি বস্, ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হলো মাইকেল ক্যারিক যুগ! – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়েক মাস আগেও নামের পাশে জুড়ে ছিল সাময়িক বা ‘কেয়ারটেকার’ তকমা। ফুটবল মহলে জল্পনা ছিল, মরসুম শেষ হলেই হয়তো নতুন কোনো হাই-প্রোফাইল কোচের সন্ধানে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড প্রশাসন। কিন্তু সব জল্পনায় জল ঢেলে ওল্ড ট্র্যাফোর্ডের নীতিনির্ধারকদের পূর্ণ ভরসা জিতে নিলেন মাইকেল ক্যারিক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁকে ক্লাবের ফুল-টাইম হেড কোচ হিসেবে ঘোষণা করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন প্রাক্তন এই ইংল্যান্ড মিডফিল্ডার।

রুবেন আমোরিম বিদায় নেওয়ার পর যখন মরসুমের মাঝপথে ক্যারিক দায়িত্ব নেন, তখন রেড ডেভিলসদের অবস্থা ছিল চরম বিশৃঙ্খল। লিগ টেবিলে ক্রমাগত পতন, ড্রেসিংরুমে তৈরি হওয়া অনিশ্চয়তা আর মাঠে ধারাবাহিকতাহীন পারফরম্যান্সে বিপর্যস্ত দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। সেখান থেকে শুধু দলকে টেনে তোলাই নয়, রীতিমতো চাঙ্গা করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করেছেন তিনি। ক্লাবের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে মাইকেল ক্যারিককে পুরুষ দলের প্রধান কোচ হিসেবে ২০২৮ সাল পর্যন্ত বহাল রাখার ঘোষণা করছে।

১৬ ম্যাচের জাদুতে বদলে গেল ছবি

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যাজিক দেখাতে শুরু করেন ক্যারিক। প্রথম দুই ম্যাচেই চূর্ণ করেন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। এরপর একে একে লিভারপুল ও চেলসির বিরুদ্ধেও জয় ছিনিয়ে নেয় তাঁর দল। সব মিলিয়ে ডাগআউটে দাঁড়ানো ১৬ ম্যাচে ১১টি জয়, ৩টি ড্র এবং মাত্র ২টি হারের মুখ দেখেছেন তিনি। এই সময়ে প্রিমিয়ার লিগের অন্য যেকোনো দলের চেয়ে ইউনাইটেড সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছে, যা ক্যারিকের ফুটবল কৌশলের কার্যকারিতাকেই প্রমাণ করে।

আবেগ ও আগামীর কঠিন পরীক্ষা

খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে ৪৬৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যারিকের। ক্লাবের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। তাই দায়িত্ব পেয়ে নিজের আবেগকে আড়াল করেননি এই প্রাক্তন তারকা। ক্যারিক জানিয়েছেন, ২০ বছর আগে এই ক্লাবে পা রাখার পর থেকেই তিনি এখানকার ম্যাজিক টের পেয়েছিলেন। গত পাঁচ মাসে ফুটবলাররা যে লড়াই ও মানসিকতা দেখিয়েছে, তা ধরে রেখে এবার নতুন লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি।

তবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সফলভাবে সামলানো ক্যারিকের জন্য আসল পরীক্ষা শুরু হচ্ছে এবারই। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা এখন আর কেবল ভালো ফুটবল বা শীর্ষ চারে থাকা নিয়ে সন্তুষ্ট নন। দীর্ঘদিন বড় ট্রফিহীন থাকা ওল্ড ট্র্যাফোর্ড এখন সাফল্যের জন্য ক্ষুধার্ত। আগামী মরসুমে ক্যারিকের প্রথম পূর্ণাঙ্গ মেয়াদে দল কেমন পারফর্ম করে এবং কোনো বড় শিরোপা এনে দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *