প্রাক্তনীরা কি কিছুই করতে পারেননি? শাদাব খানের মন্তব্যে তুলকালাম পাকিস্তান ক্রিকেটে – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-৮ পর্বে পৌঁছানোর আনন্দ মুহূর্তে ফিকে হয়ে গেল এক চরম বিতর্কে। নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পর সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানের একটি মন্তব্য এখন টক অফ দ্য টাউন। দলের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারদের কার্যত ‘অযোগ্য’ বলে কটাক্ষ করায় শাদাবের ওপর চরম চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
ঠিক কী বলেছিলেন শাদাব খান?
ভারত বনাম পাকিস্তান ম্যাচের হাই-ভোল্টেজ উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শাদাবকে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা নিয়ে। জবাবে মেজাজ হারিয়ে শাদাব বলেন, “প্রাক্তন ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতেই পারে, তাঁরা হয়তো কিংবদন্তি ছিলেন, কিন্তু আমরা যা করেছি তাঁরাও তা করতে পারেননি। আমরা তো বিশ্বকাপেও ভারতকে হারিয়েছি।” শাদাব মূলত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেই ঐতিহাসিক জয়ের কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তনীদের খোঁচা দিতে চেয়েছিলেন।
পিসিবি-র কড়া পদক্ষেপ ও ধমক
নিজের শ্বশুর সাকলাইন মুশতাক থেকে শুরু করে ওয়াসিম আকরামের মতো মহাতারকাদের এভাবে প্রকাশ্যে আসাম্মান করাটা ভালোভাবে নেয়নি বোর্ড। আইএএনএস সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টিম ম্যানেজার নাভিদ চিমা সরাসরি ফোন করেন শাদাব খানকে। তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, সাংবাদিক সম্মেলনে নিজের সীমারেখা অতিক্রম করেছেন তিনি।
বোর্ডের পক্ষ থেকে দেওয়া কড়া বার্তায় বলা হয়েছে, “প্রাক্তন ক্রিকেটাররা দেশের সম্পদ এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তাঁদের নিয়ে কথা বলার সময় শাদাবকে ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে।” শুধু শাদাবই নন, দলের বাকি ক্রিকেটারদেরও সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ইন্টারভিউ বা সংবাদমাধ্যমের সামনে তাঁরা প্রাক্তনী বা কিংবদন্তিদের আসাম্মান না করেন।
লক্ষ্য এখন সুপার-৮
এই বিতর্কের মধ্যেই পাকিস্তানকে মনোযোগ দিতে হচ্ছে মাঠের লড়াইয়ে। সুপার-৮ পর্যায়ে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের। একদিকে মাঠের বাইরে সিনিয়রদের অপমানের দায়ে কোণঠাসা শাদাব, অন্যদিকে সেমিফাইনালের টিকিট পাওয়ার কঠিন লড়াই—সব মিলিয়ে চরম চাপে বাবর আজমের বাহিনী।

