ভোটের মুখে তপ্ত বিধাননগর চার এলাকায় হানা দিয়ে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গ্রেপ্তার ৪ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে তপ্ত বিধাননগর চার এলাকায় হানা দিয়ে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গ্রেপ্তার ৪
লোকসভা নির্বাচনের আগে নিরাপত্তা আঁটসাঁট করতে বিধাননগর কমিশনারেট এলাকা জুড়ে চলছে জোরদার নজরদারি। গত কয়েক দিনে সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সল্টলেকে টহল দেওয়ার সময় মহম্মদ সোনু নামে এক যুবককে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। ওই রাতেই এয়ারপোর্ট থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন শেখ নাজিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে।
এর আগে রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ সাজিদ আলি নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে। অন্যদিকে, শনিবার নারায়ণপুর এলাকা থেকে শেখ ফিরোজ নামে আরও একজনকে একটি দেশি পিস্তল ও কার্তুজসহ পাকড়াও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েক দিন আগেই বাগুইআটি এলাকা থেকেও অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নির্বাচনের মুখে এই ধারাবাহিক অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

