মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় কী কী নিয়ম এবং নথি লাগবে, জেনে নিন সবটা! – এবেলা

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় কী কী নিয়ম এবং নথি লাগবে, জেনে নিন সবটা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা শুরু হতে চলেছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য রাজ্য পরিবহন দফতর বেশ কিছু শর্ত ও নিয়মাবলি নির্ধারণ করেছে। সম্প্রতি পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং শীর্ষ কর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে একগুচ্ছ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই সুবিধা পেতে হলে যাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

পরিচয়পত্র যাচাই ও নতুন নিয়মের রূপরেখা

প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে, বাসে যাতায়াতের সময় মহিলাদের কাছে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ১১টি পরিচয়পত্রের যেকোনো একটি রাখতে হবে এবং কন্ডাক্টরকে তা দেখাতে হবে। পরিচয়পত্র যাচাইয়ের পর কন্ডাক্টর তাঁর টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি বিশেষ কুপন ইস্যু করবেন। তবে ভিড়ের মধ্যে আসল-নকল পরিচয়পত্র খতিয়ে দেখা কন্ডাক্টরদের জন্য জটিল হতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সমস্যা সমাধানে পরিবহন দফতর আগামীদিনে রাজ্যের বাসিন্দা মহিলাদের জন্য একটি কিউআর (QR) কোড সমৃদ্ধ বিশেষ ‘পিঙ্ক কার্ড’ বা ‘স্মার্ট কার্ড’ ইস্যু করার পরিকল্পনা করেছে। এসডিও (SDO) বা বিডিও (BDO) অফিসে আবেদন করে এই কার্ড সংগ্রহ করা যাবে, যা দেখালে পরবর্তীতে আর অন্য কোনো নথি বহনের প্রয়োজন হবে না।

স্মার্ট কার্ডের প্রয়োজনীয় নথি ও বাসের সংখ্যা বৃদ্ধি

স্মার্ট কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে ভোটার কার্ড (EPIC), ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি, একশো দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল-কলেজের পরিচয়পত্র, রাজ্য সরকারের দেওয়া অন্য কোনো আইডি এবং সাম্প্রতিক ছবির প্রয়োজন হবে।

কার্ড তৈরি ও বণ্টনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ১১টি পরিচয়পত্রের যেকোনো একটি দেখিয়েই বিনামূল্যে যাতায়াত করা যাবে। এই ঘোষণার পাশাপাশি রাজ্যের গণপরিবহন ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ডিপোগুলোতে পড়ে থাকা বেহাল সরকারি বাসগুলো দ্রুত মেরামত করে রাস্তায় নামানো এবং ধাপে ধাপে নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর, যাতে যাত্রী সংখ্যা বৃদ্ধির চাপ সামাল দেওয়া সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *