অজিতের শেষ মুহূর্তের রহস্য কি লুকিয়ে ককপিটে? আমেরিকার দরজায় কড়া নাড়ছে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রহস্যভেদে এ বার আমেরিকার দ্বারস্থ হল এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। গত ২৮ জানুয়ারি বারামতীতে অবতরণের সময় ‘লিয়ারজেট ৪৫’ বিমানটি ভেঙে পড়লে অজিত পওয়ারসহ পাঁচজনের মৃত্যু হয়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমানের ক্ষতিগ্রস্ত ককপিট ভয়েস রেকর্ডার থেকে তথ্য সংগ্রহের জন্য বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনাকবলিত বিমানটিতে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার— এই দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র ছিল। দীর্ঘক্ষণ আগুন ও প্রচণ্ড তাপে দুটি যন্ত্রই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এল৩-কমিউনিকেশন্সের তৈরি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারটি পরীক্ষা করে সফলভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হলেও, হানিওয়েল সংস্থার তৈরি ককপিট ভয়েস রেকর্ডারটি থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
যেহেতু এই বিশেষ ভয়েস রেকর্ডারটি আমেরিকায় তৈরি, তাই সে দেশের সরকার অনুমোদিত প্রতিনিধিদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে এএআইবি। সাধারণত উজ্জ্বল কমলা রঙের এই ‘ব্ল্যাক বক্স’ বা ফ্লাইট রেকর্ডারই দুর্ঘটনার মুহূর্তের যান্ত্রিক ত্রুটি এবং পাইলটদের শেষ কথোপকথন বুঝতে সাহায্য করে। উন্নত প্রযুক্তির সাহায্যে এই ক্ষতিগ্রস্ত যন্ত্রটি থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হলে তদন্ত প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

