স্পোর্টস

অজিদের কাছে হার ভারতের, অধিনায়ক হরমনপ্রীতের চোট ঘিরে বাড়ছে উদ্বেগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৬ উইকেটে হার মানতে হয়েছে ‘উইমেন্স ইন ব্লু’-কে। তবে হারের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক হরমনপ্রীত কৌরের চোট। ব্যাটিংয়ের সময় তিনি বাঁ হাঁটুতে চোট পাওয়ায় ফিল্ডিংয়ের সময় মাঠে নামতে পারেননি, যা সিরিজের বাকি ম্যাচগুলোর আগে টিম ইন্ডিয়াকে প্রবল চাপে ফেলেছে।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ২১৪ রান সংগ্রহ করে। স্মৃতি মন্ধানার ৫৮ এবং হরমনপ্রীতের ৫৪ রানের পাশাপাশি শেষদিকে কাশভি গৌতমের ৪৩ রানের লড়াকু ইনিংস ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। অজি বোলারদের মধ্যে অ্যাশলি গার্ডনার তিনটি ও মেগান শুট দুটি উইকেট দখল করেন। অল্প পুঁজি নিয়ে লড়াই করলেও অজি ব্যাটারদের দাপটে শেষ রক্ষা হয়নি ভারতের।

অধিনায়কের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হলে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খোলসা করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিং করার সময় হাঁটুতে চোট পাওয়ায় সতর্কতা হিসেবে হরমনপ্রীতকে মাঠের বাইরে রাখা হয়। টি-টোয়েন্টি সিরিজে অজি-বধের পর ওয়ানডে ফরম্যাটে এমন বিপর্যয় এবং প্রধান তারকার চোট আগামী ম্যাচগুলোর আগে ভারতীয় শিবিরের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *