অফিসার বদল নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধোনা উমর আবদুল্লার, মমতার পাশেই দাঁড়িয়ে দিলেন বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বড়সড় রদবদল নিয়ে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, অ-বিজেপি রাজ্যগুলোতেই কেন বারবার এই ধরণের প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যায় তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে কমিশনের এই পদক্ষেপে তৃণমূলের জয় আটকানো যাবে না বলেও দাবি করেছেন তিনি।
উমর আবদুল্লা স্পষ্ট বলেন, নির্বাচনের জয়-পরাজয় আধিকারিকরা নির্ধারণ করেন না, বরং রাজনৈতিক দলের জনভিত্তিই আসল কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, গণনার দিন দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন।
অন্যদিকে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি-সহ ৫০ জনের বেশি শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই ঘটনাকে বেনজির এবং অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলার ভোটের আবহে এই প্রশাসনিক সংঘাত এখন রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করেছে।

