লেটেস্ট নিউজ

অভিযুক্তের হুমকির মুখে আত্মঘাতী দলিত কিশোরী, চাঞ্চল্য লখিমপুর খেরীতে

উত্তরপ্রদেশের লখিমপুর খেরীতে যৌন হেনস্থায় অভিযুক্ত যুবক জামিন পাওয়ার পর এক দলিত কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গত ১০ জানুয়ারি ঘাস কাটতে গেলে গ্রামেরই এক যুবক তাকে যৌন হেনস্থা করে। সেই অভিযোগে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে কিশোরীকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছিল।

পরিবারের দাবি, অভিযুক্ত যুবক জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। এমনকি স্থানীয় দোকানে গেলে ওই কিশোরীকে পথ আটকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাবা-মা দিনমজুরের কাজ করতে বাইরে গেলে সেই সুযোগে বাড়িতে একা থাকা অবস্থায় মানসিক অবসাদ ও ভয়ে কিশোরীটি চরম পথ বেছে নেয়। সন্ধ্যায় কাজ থেকে ফিরে মেয়ের নিথর দেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কিশোরীর বাবার বয়ান অনুযায়ী, অভিযুক্তের অব্যাহত হুমকি এবং পুলিশি নিরাপত্তার অভাবই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। লখিমপুর খেরী পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *