অল্প ঘুমে দ্বিগুণ বাড়ছে আগ্রাসন: তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সতর্কবার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় ‘ক্যালকাটা স্লিপ সোসাইটি’ ও ‘ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি’-র যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর ঘুমের অভাবের ভয়াবহ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশিষ্ট স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌরভ দাস এবং ইএনটি সার্জেন ডাঃ উত্তম আগরওয়াল জানান, অপর্যাপ্ত ঘুম কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও মানসিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।
চিকিৎসকদের মতে, বয়ঃসন্ধিকালে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন থাকলেও প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনার চাপ ও স্মার্টফোন ব্যবহারের কারণে পর্যাপ্ত বিশ্রাম পায় না। ঘুমের এই ঘাটতি মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশকে ৬০ শতাংশ পর্যন্ত বেশি সংবেদনশীল করে তোলে। ফলে অল্পতেই মেজাজ হারানো বা অতিরিক্ত আগ্রাসী হয়ে ওঠার মতো সমস্যা তৈরি হচ্ছে।
সমীক্ষায় দেখা গেছে, যারা দৈনিক ৭ ঘণ্টার কম ঘুমায়, তাদের মধ্যে অন্যকে উত্ত্যক্ত করা বা হাতাহাতিতে জড়িয়ে পড়ার প্রবণতা অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ। সুস্থ জীবনের জন্য ‘ভালো ঘুমান, সুস্থ বাঁচুন’—এই বার্তাকে পাথেয় করে তরুণদের জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সঠিক সময়ে ঘুম নিশ্চিত করা এখন সময়ের দাবি।

