অল্প বয়সেই মগজ ধোলাই: পশ্চিমী দুনিয়ায় ৪২ শতাংশ সন্ত্রাসবাদে জড়িত নাবালকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৬-এর রিপোর্টে পশ্চিমী দেশগুলোতে কিশোর-কিশোরীদের মধ্যে চরমপন্থা ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্তের ৪২ শতাংশ ক্ষেত্রেই এখন নাবালকদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা মাত্র তিন বছরে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ও ছোট ভিডিওর প্রভাব কাজে লাগিয়ে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তাদের মগজ ধোলাই করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই নাবালকদের একটি বড় অংশই পারিবারিক বিচ্ছিন্নতা বা মানসিক নির্যাতনের শিকার। পরিসংখ্যান বলছে, প্রায় ৮৭ শতাংশ ক্ষেত্রে অবহেলার ইতিহাস রয়েছে, যা তাদের অনলাইন চরমপন্থী প্রচারের সহজ লক্ষ্যে পরিণত করে। বর্তমানে নির্দিষ্ট কোনো মতাদর্শের বদলে জিহাদি চিন্তা, উগ্র ডানপন্থী ভাবধারা বা নারীবিদ্বেষের মতো বিভ্রান্তিকর সংমিশ্রণে ‘লোন উলফ’ বা একক হামলার প্রবণতা বাড়ছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নাবালকদের যুক্ত থাকা ৯৭ শতাংশ হামলার পরিকল্পনা আগেভাগেই নস্যাৎ করা সম্ভব হয়েছে। তবে এই প্রজন্মের একাংশ যেভাবে চরমপন্থায় অভ্যস্ত হয়ে উঠছে, তা ভবিষ্যতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা ও পশ্চিমী দেশগুলোতে একাকীত্ব ও বেকারত্বের সুযোগ নিয়ে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করার এই প্রক্রিয়া প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

