অসাধ্য সাধন! বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকদের ঝুলন্ত কান জুড়ে প্রাণ ফিরল কিশোরের – এবেলা
এবেলা ডেস্কঃ
বাইক দুর্ঘটনায় শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কান। অঝোরে রক্তক্ষরণ আর অসহ্য যন্ত্রণা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল ১৪ বছরের কিশোর অনুপম দাস। কলকাতার কোনো বড় সুপার স্পেশালিটি হাসপাতাল নয়, বরং স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবিশ্বাস্য দক্ষতায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগল সেই কাটা কান।
সোমবার রাতে চাঁদপাড়ার এই কিশোর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে তার কানের সামান্য অংশ মাত্র শরীরের সঙ্গে লেগে ছিল। বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা কালক্ষেপ না করে যুদ্ধকালীন তৎপরতায় রক্তক্ষরণ বন্ধ করেন এবং মঙ্গলবার দীর্ঘ সময় ধরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে ওই কিশোর সুস্থ এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। রেফার করার প্রথা ভেঙে ঘরের কাছের হাসপাতালেই এমন অসাধ্য সাধনে আপ্লুত রোগীর পরিবার। হাসপাতালের সুপার জানিয়েছেন, আগামীতেও রোগীদের রেফার না করে এখানেই উন্নত চিকিৎসার পরিষেবা বজায় রাখা হবে।

