লেটেস্ট নিউজ

আইপিএলের প্রস্তাব ফেরালেন গৌতম গম্ভীর, ভারতীয় দলেই মন কোচ গৌতির – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে লোভনীয় প্রস্তাব দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। মালিকানা বদলের পর রাজস্থান কর্তৃপক্ষ তাদের কোচিং স্টাফ ও প্রশাসনে বড়সড় পরিবর্তনের লক্ষ্যে গম্ভীরকে মেন্টর বা সিইও পদের প্রস্তাব দেয়। তবে জাতীয় দলের দায়িত্ব মাঝপথে ছেড়ে আইপিএলে ফিরতে নারাজ প্রাক্তন এই তারকা ক্রিকেটার।

বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআই-এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে ভারত ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত ছন্দে রয়েছে দল। সূত্রের খবর, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সাথেই থাকতে চান তিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোচ থাকাকালীন আইপিএলের কোনো দলের সাথে যুক্ত হওয়া ‘স্বার্থের সংঘাত’ হিসেবে গণ্য হয়।

আইপিএলে মেন্টর হিসেবে লখনউ ও কলকাতাকে সাফল্য এনে দেওয়া গম্ভীর আপাতত দেশের সাফল্যের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। রাজস্থান রয়্যালস তাঁকে পেতে আগ্রহী হলেও গম্ভীরের বর্তমান লক্ষ্য ভারতকে আরও আইসিসি ট্রফি জেতানো। ফলে ২০২৭ সালের আগে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *