লেটেস্ট নিউজ

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা সিএসকে শিবিরে, চোটের কারণে মাঠের বাইরে ধোনি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা আসর শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। অনুশীলনে পায়ের পেশিতে (কাফ মাসল) চোট পাওয়ায় টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের চোটের খবরটি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং সম্পূর্ণ ফিট হতে সময় লাগবে।

ধোনির অনুপস্থিতিতে আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত চেন্নাইয়ের প্রথম চারটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সবকিছু ঠিক থাকলে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে পারেন ৪৪ বছর বয়সী এই তারকা। তবে ধোনি না থাকলেও দলের ভারসাম্য রক্ষায় আশাবাদী কর্তৃপক্ষ। মূলত দলে আসা সঞ্জু স্যামসন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ধোনির অভাব পূরণ করবেন বলে মনে করা হচ্ছে।

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের দলের শক্তি অটুট থাকলেও ধোনিকে শুরুতে না পেয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা। গত কয়েক মৌসুম ধরে তাঁর ফর্ম ও ব্যাটিংয়ের ধার নিয়ে বিশেষজ্ঞ মহলে নানা জল্পনা থাকলেও জনপ্রিয়তার নিরিখে তিনি অনন্য। শেষ দিকে দ্রুত রান তোলা বা উইকেটের পেছনে ক্ষিপ্রতা নিয়ে প্রশ্ন উঠলেও ঘরের মাঠে ধোনির উপস্থিতিই দলের প্রধান আকর্ষণ। আপাতত তাঁর দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *