আইপিএল শুরুর আগেই রিঙ্কুর ভাগ্যবদল, উত্তরপ্রদেশ সরকারের বড় উপহারে আপ্লুত কেকেআর তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজয়ী রিঙ্কু সিংয়ের মুকুটে এবার নতুন পালক। আইপিএলের মেগা লড়াইয়ে নামার আগেই কেকেআর তারকাকে বিশেষ সম্মানে ভূষিত করল যোগী আদিত্যনাথের সরকার। আঞ্চলিক ক্রীড়া আধিকারিক (RSO) হিসেবে রিঙ্কুকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। টি-২০ বিশ্বকাপ চলাকালীন পিতৃহারা রিঙ্কুর কাঁধে এখন পরিবারের গুরুদায়িত্ব, আর সেই কঠিন সময়ে সরকারি এই উচ্চপদস্থ চাকরি তাঁর লড়াইকে এক অনন্য স্বীকৃতি দিল।
রিঙ্কু একা নন, মেডেলজয়ী একঝাঁক ক্রীড়াবিদকেও বড় উপহার দিচ্ছে রাজ্য সরকার। অলিম্পিক হকি তারকা রাজকুমার পাল এবং প্যারালিম্পিকে সোনাজয়ী প্রবীণ কুমার সরাসরি ডেপুটি পুলিশ সুপার (DSP) পদে নিয়োগ পাচ্ছেন। এছাড়া রূপোজয়ী অজিত সিং এবং সিমরনকে জেলা পঞ্চায়েত রাজ আধিকারিক পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মাঠের সাফল্যের পর এবার প্রশাসনিক স্তরেও দেশের নাম উজ্জ্বল করবেন এই চ্যাম্পিয়নরা।

