আইপিএল শুরুর মুখে কেকেআরে বদল, হর্ষিত রানার পরিবর্তে দলে এলেন নবদীপ সাইনি – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএল শুরুর মাত্র দু’দিন আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স শিবির। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার হর্ষিত রানা। বিসিসিআই-এর অনুষ্ঠানে তাঁকে ক্র্যাচে ভর দিয়ে চলতে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে তাঁর বদলি হিসেবে অভিজ্ঞ ভারতীয় পেসার নবদীপ সাইনিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করল কেকেআর কর্তৃপক্ষ।
২০১৯ সাল থেকে আইপিএল খেলা নবদীপ সাইনিকে তাঁর ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসেই দলে নিল নাইটরা। আরসিবি এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই পেসারের ঝুলিতে বর্তমানে ২৩টি উইকেট রয়েছে। গত দুই মরশুম কোনো দল না পেলেও, ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার ক্ষমতার কারণেই হর্ষিতের বিকল্প হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে।
বোলিং বিভাগ নিয়ে কেকেআর শিবিরের উদ্বেগ অবশ্য কাটছে না। আকাশ দীপের পরিবর্তে আগেই সৌরভ দুবেকে নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানের বদলে আসা ব্লেসিং মুজারাবানির অভিজ্ঞতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই শ্রীলঙ্কার পেসার মথিশা পাথিরানার এনওসি সংক্রান্ত অনিশ্চয়তাও দলকে চাপে রেখেছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বোলিং লাইন-আপ গুছিয়ে নিতে মরিয়া কলকাতা।

