আকাশে দেড় ঘণ্টা রুদ্ধশ্বাস চক্কর মমতার বিমানের! দুর্যোগে ল্যান্ডিং নিয়ে তুমুল উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝড়বৃষ্টির তাণ্ডবে নামতে পারল না মুখ্যমন্ত্রীর বিমান! কলকাতার আকাশে ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলল মৃত্যুপণ লড়াই। বৃহস্পতিবার অন্ডাল থেকে ফেরার পথে ভয়াবহ আবহাওয়ার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে ৫৫ মিনিটে অবতরণের কথা থাকলেও দুর্যোগের কারণে রানওয়ে ছুঁতে পারেনি তাঁর ব্যক্তিগত বিমান ‘দাসোঁ ফ্যালকন’।
বিপত্তি এড়াতে বেহালা ফ্লাইং ক্লাবে তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হন পাইলট। বিমানে জ্বালানির পরিমাণ এবং নিরাপত্তার খাতিরে জরুরি বৈঠক শুরু করে এটিএস (ATS)। শেষ পর্যন্ত দীর্ঘ দেড় ঘণ্টার উৎকণ্ঠা কাটিয়ে বিকেল ৫টা ১৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদ অবতরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বিমানটি দীর্ঘক্ষণ ডোমজুড় ও দক্ষিণ ২৪ পরগনার আকাশে চক্কর কাটছিল বলে জানা গেছে। সুস্থ শরীরে বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

