আদালতের রায় উপেক্ষা করে ট্রাম্পের ফের শুল্কবৃদ্ধির ঘোষণা, স্বস্তিতে ভারত
আমেরিকার শীর্ষ আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক আমদানি শুল্ক নীতিকে ‘বেআইনি’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে ঘোষণা করেছে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে জানায়, কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে এই বিশাল শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। আদালতের এই রায়ের ফলে ট্রাম্প সরকারকে আমদানিকারকদের বিপুল অর্থ ফেরত দিতে হতে পারে। তবে এই রায়কে ‘গভীরভাবে হতাশাজনক’ ও বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত বলে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।
আদালতি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প উল্টে ১০ শতাংশ অতিরিক্ত গ্লোবাল শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। তিনি সাফ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিদ্যমান শুল্ক বহাল থাকবে এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। বিচারকদের সাহসের অভাব রয়েছে বলে তোপ দেগে ট্রাম্প দাবি করেন, দেশের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে তিনি পিছপা হবেন না। তাঁর এই মারমুখী অবস্থানে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
এই সংঘাতের আবহে ভারতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট করেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহান ব্যক্তি’ হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান, ভারতের সঙ্গে একটি ন্যায্য সমঝোতা হয়েছে, যা অপরিবর্তিত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন আদালতের এই রায়কে স্বাগত জানালেও ট্রাম্পের পালটা ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্য মহলে উদ্বেগ বাড়ছে।

