লেটেস্ট নিউজ

আনন্দপুর অগ্নিকাণ্ড, ২৬ দিন পর ১৮ জনের দেহাংশ তুলে দিচ্ছে পুলিশ

গত ২৫ জানুয়ারি নরেন্দ্রপুর থানার আনন্দপুরে দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৬ দিন পর ১৮টি দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিখোঁজ ২৭ জনের মধ্যে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই ১৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। শনিবার কাঁটাপুকুর মর্গে উপস্থিত হয়েছেন মৃতদের স্বজনরা, যেখানে আইনি প্রক্রিয়া মেনে দেহাংশ ও মৃত্যুর শংসাপত্র হস্তান্তর করা হচ্ছে।

শনাক্ত হওয়া ব্যক্তিদের অধিকাংশ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ডিএনএ নমুনা মিলিয়ে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে নিখোঁজ তালিকার বাকি ৯ জনের দেহাংশ এখনও শনাক্ত করা যায়নি। ফরেনসিক বিভাগ জানিয়েছে, এই ৯টি নমুনার পরীক্ষা এখনও চলছে, যার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, জানুয়ারির সেই গভীর রাতে গুদামে কর্মরত অনেক শ্রমিকই আগুনের গ্রাস থেকে বেরোতে পারেননি। পুড়ে যাওয়া দেহগুলো চেনার উপায় না থাকায় পুলিশ নিকটাত্মীয়দের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। মর্মান্তিক এই ঘটনায় কেউ ছেলে, কেউ আবার ভাইকে হারিয়ে শোকে মূহ্যমান। ১৮টি পরিবার বিচার ও শেষকৃত্যের সুযোগ পেলেও বাকিদের অপেক্ষা এখনও শেষ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *