আন্তর্জাতিক সংকটে জরুরি পণ্যের জোগান স্বাভাবিক রাখতে মোদীর উচ্চপর্যায়ের বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার আবহে দেশের অভ্যন্তরীণ বাজার ও অর্থনীতি সুরক্ষিত রাখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) এই বৈঠকে কৃষি, জ্বালানি, সার এবং বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বিস্তারিত কৌশল নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, বিশ্ব পরিস্থিতির পরিবর্তনশীল প্রভাবে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
বৈঠকে খাদ্য ও জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে। আসন্ন খরিফ মরশুমে সার সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রাখার বিষয়েও আশ্বাস দেওয়া হয়। এছাড়া আমদানির উৎস বহুমুখী করা এবং রফতানি বাজার সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রকগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাজারদর নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যে যথাযথ সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি ও মজুতদারি রুখতে কড়া নজরদারির বার্তা দিয়েছেন মোদী। আন্তর্জাতিক অস্থিরতার মাঝে দেশের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে একটি বিশেষ মন্ত্রী ও সচিব পর্যায়ের দল গঠন করে পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

