লেটেস্ট নিউজ

আপনার নাম আছে তো? আজই প্রকাশিত হচ্ছে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা

আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজ্যজুড়ে প্রকাশিত হচ্ছে এসআইআর (SIR) বা চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের তালিকায় নাম থাকতে পারে প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের। দুপুর ২টোর মধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in) বা ভোটার সার্ভিস পোর্টালে এই তালিকা আপলোড করা হবে।

তালিকায় নাম দেখবেন কীভাবে?

অনলাইনে নিজের এপিক (EPIC) নম্বর ব্যবহার করে খুব সহজেই নাম যাচাই করা যাবে। এ ছাড়াও জেলা নির্বাচন আধিকারিক (DEO), মহকুমা শাসক (SDO) এবং বিডিও (BDO) অফিসে তালিকার হার্ড কপি রাখা থাকবে, যা সাধারণ মানুষ দেখতে পারবেন। রাজনৈতিক দলগুলিকেও পেনড্রাইভ ও হার্ড কপির মাধ্যমে এই তালিকা পৌঁছে দেওয়া হবে।

তালিকায় নাম না থাকলে কী করবেন?

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, তালিকায় কারও নাম না থাকলে বা বাদ পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

  • তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে।
  • সেখানে সমাধান না হলে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে যোগাযোগ করতে হবে।
  • সবশেষেও নাম না উঠলে ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করা যাবে। তবে এই আবেদনটি অবশ্যই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের অন্তত ১০ দিন আগে সম্পন্ন করতে হবে।

বিশেষ চিহ্ন ও সতর্কতা

যাঁদের নাম যাচাইকরণ বা ‘অ্যাডজুডিকেশন’-এর অধীনে রয়েছে, তাঁদের নামের পাশে বিশেষ চিহ্ন থাকবে। আর যাঁদের নাম বাতিল হয়েছে, তাঁদের নামের ওপর স্পষ্টভাবে ‘deleted’ লেখা থাকবে। তাই নিজের ভোটাধিকার নিশ্চিত করতে আজই তালিকায় নাম দেখে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *