আফগানিস্তানের ২২টি স্থানে পাকিস্তানের হামলা: খতম ২৭৪ তালিবান যোদ্ধা – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তানের ভূখণ্ডে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে পরিচালিত এই অভিযানে ২২টি স্থানে আক্রমণ চালিয়ে ২৭৪ জন তালিবান যোদ্ধাকে খতম করার দাবি করেছে ইসলামাবাদ। পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, টিটিপি ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর সঙ্গ ত্যাগ না করলে আফগান প্রশাসনকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে।
পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তে তীব্র আক্রমণ চালিয়েছে আফগান ফৌজ। তালিবান প্রশাসনের দাবি, তাদের অভিযানে পাকিস্তানের ১২টি সেনা পোস্ট দখল করা হয়েছে এবং অন্তত ৫৫ জন পাক জওয়ান নিহত হয়েছেন। যদিও পাকিস্তান তাদের কেবল ১২ জন সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে। কান্দাহার ও কাবুলের আকাশে পাক যুদ্ধবিমানের টহলদারি এবং অ্যাবোটাবাদে ড্রোন হামলার চেষ্টার ফলে সীমান্ত সংঘাত এখন যুদ্ধের আকার নিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশই সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাক বিমান হামলার নিন্দা জানিয়ে পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছেন। সংঘাতের চরম পর্যায়ে তালিবান তাদের ‘সুইসাইড স্কোয়াড’ সক্রিয় করায় সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

