আফগানিস্তানে তালিবানি ফতোয়ায় পুড়ল শত শত বাদ্যযন্ত্র, সঙ্গীতচর্চায় কঠোর নিষেধাজ্ঞা
আফগানিস্তানে সঙ্গীতচর্চার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে পারওয়ান ও লাঘমান প্রদেশে কয়েকশ বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালিবান সরকার। জব্দ করা যন্ত্রগুলোর মধ্যে রয়েছে তবলা, হারমোনিয়াম, গিটার এবং আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র রুবাব। জনসমক্ষে গানবাজনা নৈতিক অবক্ষয়ের কারণ হিসেবে দাবি করে এই পদক্ষেপ নিয়েছে দেশটির ‘নীতি পুলিশ’ মন্ত্রক।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই তালিবান প্রশাসন সঙ্গীতকে ‘হারাম’ ঘোষণা করেছে। সরকারি তথ্যমতে, গত এক বছরেই দেশজুড়ে প্রায় ২১ হাজার বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে। বর্তমানে বিয়ে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি রেডিও, টেলিভিশন এবং স্কুলেও সঙ্গীত চর্চা ও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
এই কঠোর অনুশাসনের কারণে প্রাণভয়ে দেশ ছাড়ছেন অসংখ্য শিল্পী। আফগানিস্তানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকে দমনের এই প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সেখানে শুধুমাত্র ধর্মীয় স্তোত্র প্রচারের অনুমতি রয়েছে। সঙ্গীত পরিবেশন বা শোনার অভিযোগে অনেককে আটক করার ঘটনাও ঘটেছে, যা দেশটির সাংস্কৃতিক কাঠামোকে বিপন্ন করে তুলছে।

