আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, তীব্র নিন্দা জানাল ভারত
আফগানিস্তানের পকতিকা ও খোস্ত প্রদেশসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদের দাবি, সীমান্ত সংলগ্ন জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে এবং এতে ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে এই সামরিক পদক্ষেপ নিল দেশটি।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শোক প্রকাশ করে বলেন, এই ঘটনা পাকিস্তান সরকারের ব্যর্থতাকে পুনরায় সামনে এনেছে। একইসঙ্গে সংকটের এই মুহূর্তে নয়াদিল্লি কাবুলের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে।
এই হামলার পর আফগানিস্তানের তালিবান প্রশাসন পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা এই ঘটনার দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জরুরি বৈঠক ডেকেছে। গত কয়েক বছর ধরে সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অস্থিরতা বিরাজ করছে।

