আফগানিস্তানে বাদ্যযন্ত্র পুড়িয়ে সঙ্গীতচর্চায় কঠোর নিষেধাজ্ঞা তালিবানের
আফগানিস্তানে সঙ্গীতচর্চার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে কয়েকশ বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালিবান প্রশাসন। সম্প্রতি পারওয়ান ও লাঘমান প্রদেশে তবলা, হারমোনিয়াম, গিটার এবং দেশটির জাতীয় যন্ত্র রুবাবসহ পাঁচ শতাধিক বাদ্যযন্ত্র বাজেয়াপ্ত করে সেগুলিতে অগ্নিসংযোগ করা হয়। তালিবান সরকারের মতে, সঙ্গীত নৈতিক অবক্ষয় ঘটায়, তাই একে ‘হারাম’ ঘোষণা করা হয়েছে।
তালিবানের কট্টর ধর্মীয় অনুশাসন অনুযায়ী, জনসমাবেশ, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি স্কুলগুলোতে সঙ্গীত শিক্ষা এবং রেডিও-টেলিভিশনে সঙ্গীতানুষ্ঠান সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলাদের জনসমক্ষে গান গাওয়ার ওপর রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা। সরকারি পরিসংখ্যান বলছে, গত এক বছরেই দেশটিতে প্রায় ২১ হাজার বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে।
এই কঠোর দমননীতির কারণে চরম সংকটে পড়েছেন দেশটির শিল্পী ও সঙ্গীতানুরাগীরা। সঙ্গীত পরিবেশন বা শোনার অভিযোগে গত কয়েক বছরে বহু মানুষকে আটক করা হয়েছে। প্রাণভয়ে এবং শিল্পচর্চার অধিকার হারিয়ে অনেক প্রথিতযশা শিল্পী ইতিমধ্যে আফগানিস্তান ত্যাগ করেছেন। সাংস্কৃতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক নিষেধাজ্ঞার ফলে আফগানিস্তানের ঐতিহ্যবাহী সমৃদ্ধ সংস্কৃতি আজ বিলুপ্তির পথে।

