আমিরশাহিতে ইরানের ভয়াবহ হামলা নিয়ে মুখ খুললেন মোদি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েল ও আরবের মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি এবার সংযুক্ত আরব আমিরশাহিতেও আছড়ে পড়ল ইরানের মিসাইল। রবিবারের এই রক্তক্ষয়ী হামলায় প্রাণ হারিয়েছেন পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের অন্তত ৩ জন নাগরিক, আহত অর্ধশতাধিক। ভয়াবহ এই পরিস্থিতিতে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনে দীর্ঘ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডলে মোদি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে ভারত সব সময় আমিরশাহির পাশে আছে।” সেই সঙ্গে সেদেশে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদও জানান তিনি। অন্যদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূত ও সমস্ত কর্মীদের ফিরিয়ে নিয়েছে আমিরশাহি প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে দূতাবাস। এমনকি আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশের স্টক মার্কেটও বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউএই ক্যাপিটাল মার্কেট অথরিটি। এই অস্থির আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

