আমেরিকায় রিলায়েন্সের ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, বড় ঘোষণা ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
টেক্সাসের ব্রাউন্সভিল বন্দরে দীর্ঘ ৫০ বছর পর একটি নতুন তেল শোধনাগার তৈরির ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২৫ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের বিনিয়োগকে আমেরিকার ইতিহাসে বৃহত্তম চুক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিশাল বিনিয়োগের জন্য ভারতীয় অংশীদার, বিশেষ করে ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
এই প্রকল্পটি ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, এটি হবে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার যা মার্কিন বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। এর মাধ্যমে দক্ষিণ টেক্সাসে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাবে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হতে পারে বলে জানা গেছে।
বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান সংকটের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ ও বাজার দরে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রিলায়েন্সের এই বিপুল বিনিয়োগ ভারত ও আমেরিকার কৌশলগত জ্বালানি সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ট্রাম্প প্রশাসনের সহজ অনুমতি প্রক্রিয়া ও কর হ্রাসের নীতির ফলেই এই বিশাল বিদেশি বিনিয়োগ সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপটি আমেরিকার জ্বালানি সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

