লেটেস্ট নিউজ

আমেরিকায় ৫০ বছর পর নতুন তেল শোধনাগার, বিনিয়োগে আম্বানির রিলায়্যান্স – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ পাঁচ দশক পর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে একটি নতুন তেল শোধনাগার নির্মিত হতে চলেছে। ৩শ বিলিয়ন ডলার মূল্যের এই ঐতিহাসিক প্রকল্পে বিনিয়োগ করছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে আমেরিকার ইতিহাসে বৃহত্তম চুক্তি হিসেবে বর্ণনা করেছেন এবং এই বিশাল বিনিয়োগের জন্য ভারতের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান রিলায়্যান্সকে ধন্যবাদ জানিয়েছেন।

আমেরিকা ফার্স্ট এজেন্ডার অধীনে পারমিট সহজীকরণ ও করছাড়ের ফলে এই বিনিয়োগ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ব্রাউনসভিল বন্দরের এই শোধনাগারটি মার্কিন শেল তেলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে, যা দেশের জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা জোরদার করবে। মূলত কয়েক দশকে একাধিক শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় এবং পরিবেশগত ও আইনি জটিলতায় নতুন প্রকল্প থমকে থাকলেও, বর্তমান প্রশাসনের সক্রিয়তায় এই সংকট কাটতে চলেছে।

মধ্যপ্রাচ্যে বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত হামলা ও বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার মুখে আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। রিলায়্যান্সের এই অংশগ্রহণ কেবল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককেই সুদৃঢ় করবে না, বরং বিশ্ববাজারে আমেরিকার জ্বালানি সক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *