আমেরিকা ও মিত্রদের কড়া বার্তা মোজতবা খামেনেইয়ের, হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে ক্ষমতা গ্রহণের পর প্রথম প্রকাশ্য ভাষণে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, ইরান তার অবস্থান থেকে পিছু হটবে না। একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরাসরি হামলার হুমকি দিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই বিবৃতিতে মোজতবা খামেনেই সাফ জানিয়েছেন, যুদ্ধে নিহত প্রতিটি ইরানির রক্তের প্রতিশোধ নেওয়া হবে। বিশেষ করে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১১০ জন শিশুসহ ১৬৮ জনের মৃত্যুর ঘটনায় তিনি বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন। শত্রু পক্ষ যুদ্ধক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে তাদের সম্পদ দখল বা ধ্বংস করার হুঁশিয়ারিও দেন এই শীর্ষ নেতা।
প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে মোজতবা জানান, ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী হলেও কোনো দেশ যদি তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি পরিচালনা করতে দেয়, তবে সেগুলোও লক্ষ্যবস্তু করা হবে। ভাষণে তিনি ইয়েমেন ও ইরাকের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। জ্বালানি পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

