লেটেস্ট নিউজ

আরএসএসকে নিয়ে বিতর্কিত মন্তব্য! আদালত চত্বরে কালো পতাকার মুখে রাহুল গান্ধী – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্র: মহাত্মা গান্ধী হত্যা নিয়ে আরএসএসের বিরুদ্ধে করা পুরনো এক বিতর্কিত মন্তব্যের জেরে ফের আদালতের দোরগোড়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৪ সালের সেই মানহানির মামলায় শনিবার মহারাষ্ট্রের ভিওয়ান্ডি ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হয় লোকসভার বিরোধী দলনেতাকে।

আদালতে পৌঁছানোর পথেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাহুল গান্ধীকে লক্ষ্য করে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশি ঘেরাটোপের মধ্যেই শেষ পর্যন্ত তিনি আদালতে প্রবেশ করেন। মূলত তাঁর আগের জামিনদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চক্রুকরের প্রয়াণের পর, এদিন নতুন জামিনদার হিসেবে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের নাম নথিভুক্ত করতে সশরীরে উপস্থিত হয়েছিলেন রাহুল।

পুরনো মামলার নতুন মোড়

২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, গান্ধী হত্যার পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) হাত ছিল। এই মন্তব্যের প্রেক্ষিতেই সঙ্ঘ কর্মী রাজেশ কুন্তে মানহানির মামলা ঠুকে দেন। এদিন আদালতের ভেতরে প্রায় আধঘণ্টা আইনি প্রক্রিয়া চলে। রাহুলের আইনজীবী নারায়ণ আইয়ার জানান, জামিন সংক্রান্ত সমস্ত আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বিচারব্যবস্থার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানিগুলোতে রাহুল গান্ধীকে সশরীরে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তদন্তকারী আধিকারিকের জেরা প্রক্রিয়া শীঘ্রই পুনরায় শুরু হবে। সঙ্ঘের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে দায়ের হওয়া এই মামলা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *