আরজি করের ট্রমা কেয়ারে শৌচালয়-সংকট ও অব্যবস্থাপনা, পরপর দুই মৃত্যুতে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পরিকাঠামোগত কঙ্কালসার দশা প্রকাশ্যে এল। গত শুক্রবার লিফট দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া বিশ্বজিৎ সামন্ত নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ওয়ার্ডে শৌচালয় না থাকায় অসুস্থ অবস্থায় তাঁকে বাইরে যেতে বাধ্য করা হয়, যার ধকল সইতে না পেরে তিনি প্রাণ হারান।
হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ার ভবনের একতলায় চিকিৎসক, কর্মী ও রোগী—সবার জন্য মাত্র একটি শৌচালয় বরাদ্দ। ২০২৪ সালের ভাঙচুরের ঘটনার পর জরুরি বিভাগের কাজ এই ভবনে স্থানান্তরিত হওয়ায় চাপ বহুগুণ বেড়েছে। পর্যাপ্ত স্ট্রেচার বা বেডপ্যানের অভাব এবং পিডব্লিউডি-র ত্রুটিপূর্ণ নির্মাণ পরিকল্পনার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি জল চুঁইয়ে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কায় একটি শৌচালয় দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ বিভাগীয় গাফিলতির কথা স্বীকার করেছেন। তিনি জানান, দ্রুত মূল এমার্জেন্সি বিভাগটি সচল করার বিষয়ে স্বাস্থ্য ভবন ও মুখ্যমন্ত্রী দপ্তরে আবেদন জানানো হবে। এর আগে লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বারবার এমন ঘটনায় সরকারি চিকিৎসা পরিষেবার নিরাপত্তা ও ন্যূনতম মানবিক পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।

.jpg.webp)