আরজি করের লিফটে আটকে প্রাণ হারালেন রোগী-পরিজন, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুলকালাম – এবেলা
এবেলা ডেস্কঃ
ছেলের চিকিৎসার জন্য এসে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০) দমদমের বাসিন্দা। শুক্রবার ভোরে স্ত্রী ও ছেলের সঙ্গে লিফটে ওঠার পর সেটি হঠাৎ বিকল হয়ে যায়। প্রায় এক ঘণ্টা বেসমেন্টে আটকে থাকার পর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ সাহায্যের জন্য চিৎকার করা হলেও কোনও লিফটম্যান বা হাসপাতাল কর্মীর দেখা মেলেনি। খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। ট্রমা কেয়ারের মতো সংবেদনশীল বিভাগে লিফটম্যান না থাকা এবং যান্ত্রিক রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই নিরাপত্তা ও পরিষেবার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতাল চত্বরে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সরকারি পরিষেবায় চরম গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য রোগীদের পরিজনরাও। লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। জরুরি বিভাগে এহেন মর্মান্তিক পরিণতিতে হাসপাতালের পরিকাঠামো ও নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

