আরজি কর লিফট দুর্ঘটনা: ময়নাতদন্তে পলি ট্রমার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, পলি ট্রমার কারণে হৃদপিণ্ড, ফুসফুস, প্লীহা এবং অন্ত্র ফেটে গিয়েছিল চল্লিশ বছর বয়সী ওই যুবকের। শরীরের একাধিক গুরুত্বপূর্ণ হাড় ভেঙে যাওয়ায় অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণই তাঁর মৃত্যুর মূল কারণ বলে চিকিৎসকদের অনুমান।
দুর্ঘটনার দিন ভোরে অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য সস্ত্রীক লিফটে উঠেছিলেন অরূপবাবু। যান্ত্রিক গোলযোগের কারণে লিফটটি অস্বাভাবিকভাবে ওঠানামা করতে শুরু করলে বেসমেন্টে তাঁর স্ত্রী ও সন্তান বেরিয়ে আসতে সক্ষম হন। তবে অরূপবাবু আটকা পড়েন এবং পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। লিফটটি কেন বারবার ওঠানামা করছিল এবং অরূপবাবু কেন বেরোতে পারলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে ইতিমত্যে নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে।

