আরজি কর হাসপাতালের লিফট দুর্ঘটনায় মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল, গ্রেপ্তার ৫ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর তদন্তে নেমেছে রাজ্য ফরেন্সিক দল। শুক্রবার টালা থানার পুলিশ এই ঘটনায় গাফিলতির অভিযোগে তিনজন লিফট অপারেটর ও দুইজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। লিফটটি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দুর্ঘটনায় মৃতের শরীরের পাঁজরের হাড়সহ হাত-পা ভেঙে গিয়েছিল এবং হৃদযন্ত্র ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের অভিযোগ, চার বছরের ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অরূপবাবু। লিফট ও দেয়ালের মাঝে আটকে পড়ে এই মর্মান্তিক পরিণতি হয় তাঁর। উদ্ধারকাজে দীর্ঘ সময় গাফিলতি হয়েছিল বলেও দাবি করেছেন নিহতের পরিজনরা।
এই ঘটনার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে হাসপাতালের ৩২টি লিফটেই লিফটম্যান ছাড়া কেউ যাতায়াত করতে পারবেন না। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পুলিশ খতিয়ে দেখছে, দুর্ঘটনার সময় লিফটের গতিবিধি কেমন ছিল এবং কেন আগে থেকে যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করা সম্ভব হয়নি।

