লেটেস্ট নিউজ

আরাবল্লীর কোলে রশ্মিকা-বিজয়ের রাজকীয় বিয়ে, উদয়পুরে বসছে চাঁদের হাট

দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেম এবার পরিণয়ে রূপ নিতে চলেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে এই তারকা জুটির বিয়ের আসর বসতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। আরাবল্লী পর্বতমালা পরিবেষ্টিত ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’ হতে পারে তাঁদের বিয়ের মূল ভেন্যু। গোপনীয়তা বজায় রাখতে শহরের কোলাহল থেকে দূরে পাহাড়চূড়ার এই মনোরম স্থানটিকেই বেছে নিয়েছেন তাঁরা।

বিয়ের অনুষ্ঠান ঘিরে রাজকীয় প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকেই অতিথিরা পৌঁছাতে শুরু করবেন এবং ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মেহেন্দি ও সঙ্গীতসহ প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে। আমন্ত্রিতদের যাতায়াতের জন্য বিশেষ হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থাও থাকতে পারে। ইতিপূর্বে মুম্বই বিমানবন্দরে এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ায় এবং রশ্মিকার আঙুলে এনগেজমেন্ট রিংয়ের ঝলক মেলায় এই বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির সেট থেকে শুরু হওয়া এই রসায়ন দীর্ঘ তিন বছরের ডেটিংয়ের পর অবশেষে ছাদনাতলায় পৌঁছাচ্ছে। গত বছর অক্টোবর মাসে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল বলে ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে। ‘ডিয়ার কমরেড’ ছবির এই জনপ্রিয় অন-স্ক্রিন জুটি এখন বাস্তবেও জীবনসঙ্গী হতে চলেছেন। উদয়পুরের উদয়সাগর লেক ও পাহাড়ের পটভূমিতে এই ডেস্টিনেশন ওয়েডিং ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *