আরামকোর তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা রুখল সৌদি আরব – এবেলা
এবেলা ডেস্কঃ
সৌদি আরবের আকাশসীমায় চরম উত্তেজনা। সোমবার দেশটির রাষ্ট্রীয় তেল পরিশোধন কেন্দ্র ‘আরামকো’ লক্ষ্য করে ইরানের দিক থেকে ধেয়ে আসে দুটি শক্তিশালী ড্রোন। সৌদির পূর্বাঞ্চলীয় রাস টানুরা শহরের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ছক কষলেও শেষ রক্ষা হয়নি।
সৌদি আরবের দাবি অনুযায়ী, ড্রোন দুটি নির্দিষ্ট নিশানায় পৌঁছানোর আগেই মাঝআকাশে সেগুলোকে গুলি করে নামায় সেদেশের চৌকস নিরাপত্তাবাহিনী। ড্রোন দুটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরপরই সতর্কতা হিসেবে সাময়িকভাবে আরামকোর ওই তেল শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়।
সৌদি সরকার জানিয়েছে, বড় ধরনের কোনো বিপদ বা ক্ষয়ক্ষতি হয়নি। ড্রোনগুলো গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়ায় এক ভয়াবহ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
