আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে ইতালীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি, মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর মোহল – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202610:07 am
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত কি শেষ পর্যায়ে? পাইলটদের গাফিলতি নিয়েই কি উঠছে প্রশ্ন? সম্প্রতি একটি ইতালীয় সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত বছর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জন্য তদন্তকারী সংস্থাগুলি পাইলটদেরই দায়ী করেছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন।
বিষয়টি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল। বিদেশি সংবাদমাধ্যমের এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শনিবার তিনি সাফ জানান, “আমাদের নিজস্ব তদন্তকারী সংস্থাগুলি অত্যন্ত গুরুত্বের সাথে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তদন্ত প্রক্রিয়া এখনও চলছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।”
বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মোহল বলেন, “আমাদের কি নিজেদের দেশের তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখা উচিত নাকি বাইরের কোনো সংবাদমাধ্যমের ওপর? তদন্তের কাজ এখনও জারি আছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বোইং ৭৮৭-৮ বিমানটি (ফ্লাইট AI171) উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ হয়েছে বলে যে সব খবর রটেছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর।

