ইংলিশবাজারে ব্রাত্য শ্রীরূপা, মালদহ ও উত্তর দিনাজপুরের প্রার্থী তালিকায় চমক বিজেপির – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের হাইভোল্টেজ ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে শেষপর্যন্ত বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর ওপর আস্থা রাখল না বিজেপি। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজেপির তৃতীয় তালিকায় এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অম্লান ভাদুড়ির নাম। দীর্ঘদিন ধরে এলাকায় বিধায়কের অনুপস্থিতি এবং ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরেই দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বর্তমানে ইংলিশবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা।
তালিকায় মালদহের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বাকি থাকা দুটি আসনের প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে। ইসলামপুর ও হেমতাবাদ—উভয় কেন্দ্রেই বিজেপি এবার শিক্ষক প্রার্থীদের ওপর ভরসা রেখেছে। হেমতাবাদে প্রার্থী হয়েছেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক তথা দলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ হরিপদ বর্মণ। অন্যদিকে, ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জগৎগাঁও হাইস্কুলের শিক্ষক তথা টাউন মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় ওরফে পাখিকে।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থী তালিকা পূর্ণ হওয়ায় দুই জেলার বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে ইংলিশবাজারের প্রার্থী জট কাটায় স্বস্তিতে জেলা নেতৃত্ব। উত্তর দিনাজপুরের দুই শিক্ষক প্রার্থীও টিকিট পেয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক রিপোর্ট এবং অভ্যন্তরীণ সমীক্ষার ভিত্তিতেই শ্রীরূপা মিত্র চৌধুরীকে সরিয়ে নতুন মুখ আনার এই কৌশল গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই এই রদবদল।

