ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের মরণ কামড়ে ধ্বংস ইরানের গার্লস স্কুল, নিথর ৪০ ছাত্রীর দেহ – এবেলা
এবেলা ডেস্কঃ
যুদ্ধের বিভীষিকা এবার স্পর্শ করল ক্লাসরুমের চার দেয়াল। ইরান-ইজরায়েল সংঘাতের চরম মূল্য দিতে হলো নিরপরাধ স্কুলপড়ুয়াদের। দক্ষিণ ইরানের মিনাব শহরে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনীর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল একটি বালিকা বিদ্যালয়। পাঠদান চলাকালীন এই আকস্মিক হামলায় অন্তত ৪০ জন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA)।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতোই স্কুলে ক্লাস চলছিল। হঠাৎই আকাশ চিরে ধেয়ে আসে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় স্কুল ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েই প্রাণ হারায় স্কুল ইউনিফর্ম পরা কয়েক ডজন নাবালিকা। এই বর্বরোচিত ঘটনায় ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এই হামলার কঠোর নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধনীতি নিয়ে। নিয়ম অনুযায়ী, যে কোনো সশস্ত্র সংঘাতে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু মিনাবের এই ঘটনা প্রমাণ করল যে, ভূ-রাজনৈতিক লড়াইয়ের সামনে শিশু ও সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই।

