ইজরায়েলি হামলাতেও টলানো গেল না ইরানকে মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের ওপর একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েও দেশটির শাসনক্ষমতায় কোনো ফাটল ধরানো সম্ভব হয়নি বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পরও ইরানের প্রশাসনিক কাঠামো এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ সফল হয়েছে। এমনকি ইজরায়েলও গোপন বৈঠকে স্বীকার করে নিয়েছে যে, বর্তমান সামরিক অভিযানে তেহরানের নেতৃত্বের পতন ঘটানো প্রায় আসাম্ভব।
মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খামেনেইর উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতাবাকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও সংহত হয়েছে। যদিও ইজরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পরমাণু ঘাঁটি এবং আইআরজিসি-র একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন, তবুও দেশটির অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় এর বড় কোনো প্রভাব পড়েনি। ওয়াশিংটনের বিশ্লেষণ অনুযায়ী, স্থল অভিযান ছাড়া ইরানি জনগণের মধ্যে অভ্যুত্থান ঘটানো বা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা কঠিন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করলেও গোয়েন্দা তথ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ইরানের বর্তমান কঠোরপন্থী নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকলে মধ্যপ্রাচ্য সংকটের কোনো স্থায়ী সমাধান পাওয়া দুষ্কর হয়ে পড়বে। অন্যদিকে, কুর্দি যোদ্ধারা ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সাহায্য চাইলেও ট্রাম্প প্রশাসন তাদের অস্ত্র দিতে বা ইরানে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে। সামগ্রিকভাবে মার্কিন গোয়েন্দারা মনে করছেন, তেহরানের বর্তমান নেতৃত্ব যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এখনই তাদের পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

