লেটেস্ট নিউজ

ইজরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের পালটা আঘাত—আসলেই কি ছড়াল তেজস্ক্রিয় বিপদ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েলের ডিমোনা ও আরাদের দুটি পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে নাতনাজ পরমাণু ঘাঁটিতে ইজরায়েলি হামলার প্রতিশোধ নিতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি পরমাণু কেন্দ্রে আঘাত হানতে না পারলেও সেগুলোর অদূরে থাকা কয়েকটি বহুতলে আছড়ে পড়ে। এতে ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হামলার পর সংশ্লিষ্ট এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও এখন পর্যন্ত তেমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। সংবাদ সংস্থা এএফপি-র তথ্যমতে, ইজরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ভেদ করেই ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে সক্ষম হয়। ঘটনার পরপরই ইজরায়েলের জাতীয় জরুরি অবস্থার কর্মীরা উদ্ধারকাজে নামেন। তবে এই ভয়াবহ হামলা নিয়ে ইজরায়েল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে শনিবার ইরানের নাতনাজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েল। রাষ্ট্রসংঘের পরমাণু নজরদারি সংস্থা সেই হামলায় কোনো বিকিরণ না ছড়ানোর বিষয়টি নিশ্চিত করলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। ডিমোনার শিমন পেরেস নেগেভ পরমাণু কেন্দ্র এবং আরাদের কেন্দ্রে এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *