লেটেস্ট নিউজ

ইজরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের মিসাইল হামলা! আয়রন ডোম ভেদ করে ভয়াবহ বিস্ফোরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার রাতে মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের লেলিহান শিখা আরও তীব্র হয়ে উঠল। ইজরায়েলের অত্যন্ত সুরক্ষিত ডিমোনা এবং আরাদের পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ইজরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিসাইল দুটি আছড়ে পড়ে পরমাণু কেন্দ্র দুটির ঠিক অদূরেই।

প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে বেশ কিছু বহুতল। এই ভয়াবহ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। হামলার পরপরই বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে—তবে কি পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে? যদিও এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো নিশ্চিত খবর মেলেনি, তবে ইজরায়েলি উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

সোশ্যাল মিডিয়ায় এই হামলার মুহূর্তের একটি রোমহর্ষক ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশ সুরক্ষা কবচ ভেদ করে হুড়মুড়িয়ে নেমে আসছে ইরানি মিসাইল। উল্লেখ্য, এর আগে শনিবার ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। তারই মোক্ষম বদলা নিতে এবার সরাসরি পরমাণু কেন্দ্রকেই নিশানায় রাখল তেহরান। এই বিধ্বংসী হামলা নিয়ে নেতানিয়াহু সরকার এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দিলেও, দুই দেশের এই সংঘাত এবার পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *