ইদের ভোরে জেরুজালেমে ইরানি মিসাইল বৃষ্টি! আল আকসা মসজিদের কাছেই ভয়াবহ বিস্ফোরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
সারা বিশ্ব যখন খুশির ইদ উদযাপনে মগ্ন, ঠিক তখনই রণক্ষেত্র হয়ে উঠল পবিত্র শহর জেরুজালেম। শনিবার ভোরে ইরানের ছোঁড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ল শহরের বুকে। যার মধ্যে একটি মিসাইল পবিত্র আল আকসা মসজিদ থেকে মাত্র কয়েকশ মিটার দূরে আঘাত হানে। ইজরায়েলি সেনার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওল্ড সিটির ওপর বৃষ্টির মতো ঝরে পড়ছে মিসাইলের ধ্বংসাবশেষ। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের খুব কাছেই তৈরি হয়েছে বিশাল গর্ত।
৬০ বছরে প্রথমবার আল আকসায় তালা
নিরাপত্তার খাতিরে ১৯৬৭ সালের পর এই প্রথম ইদের দিনেও বন্ধ রাখতে হলো আল আকসা মসজিদের দরজা। ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাত চরম আকার নেওয়ায় পবিত্র আল আকসা, হোলি সেপালকার চার্চ এবং ওয়েস্টার্ন ওয়াল সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। ইদের সকালে প্রিয় মসজিদে ঢুকতে না পেরে চোখের জলে রাস্তাতেই নমাজ পড়লেন হাজার হাজার মুসলিম পুণ্যার্থী। ফিলিস্তিনি বৃদ্ধ ওয়াজদি মহম্মদের কথায়, “আজ আমাদের থেকে আল আকসা কেড়ে নেওয়া হয়েছে, এই রমজান কেবল যন্ত্রণার স্মৃতি দিয়ে গেল।”
চার্চের ছাদেও আছড়ে পড়ল ঘাতক মিসাইল
হামলার ভয়াবহতা থেকে রেহাই পায়নি খ্রিস্টানদের পবিত্র তীর্থ ‘চার্চ অফ দ্য হোলি সেপালকার’ও। ইজরায়েলি পুলিশের দাবি, যিশু খ্রিস্টের সমাধিস্থল হিসেবে পরিচিত এই গির্জার ছাদেও এসে পড়েছে মিসাইলের বড় অংশ। ইজরায়েলের অভিযোগ, কোনো ধর্মীয় বা পবিত্র স্থানের তোয়াক্কা না করেই ইরান এই নির্বিচার ধ্বংসলীলা চালিয়েছে। বর্তমানে থমথমে জেরুজালেমের আকাশজুড়ে কেবলই যুদ্ধের কালো মেঘ।

