লেটেস্ট নিউজ

ইন্ডিয়া পোস্টের নতুন প্রিমিয়াম পরিষেবা, ২৪ ঘণ্টায় মিলবে পার্সেল ডেলিভারি – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে ডাক পরিষেবায় আধুনিকতার ছোঁয়া লাগিয়ে ‘২৪ স্পিড পোস্ট’, ‘২৪ স্পিড পোস্ট পার্সেল’ ও ‘৪৮ স্পিড পোস্ট সার্ভিস’ নামে তিনটি প্রিমিয়াম পরিষেবা চালু করল ইন্ডিয়া পোস্ট। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মঙ্গলবার এই সময়ভিত্তিক ডেলিভারি সিস্টেমের সূচনা করেন। প্রাথমিক পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ—এই ছয়টি মেট্রো শহরে দ্রুতগামী বিমান পরিবহণকে কাজে লাগিয়ে এই পরিষেবা প্রদান করা হবে।

নতুন এই ব্যবস্থার বড় সুবিধা হলো, রবিবারসহ অন্যান্য ছুটির দিনগুলোতেও গ্রাহকরা ডেলিভারি পাবেন। ‘২৪ স্পিড পোস্ট’ পরিষেবার মাধ্যমে আপাতত ৫০ গ্রামের কম ওজনের জরুরি নথি পরের দিনের মধ্যেই গন্তব্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। ২০৩০ সালের মধ্যে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স বাজারের চাহিদাকে মাথায় রেখেই ডাক বিভাগের এই ভোলবদল বলে জানানো হয়েছে।

খরচের বিষয়ে জানানো হয়েছে, ৫০ গ্রাম পর্যন্ত নথি পাঠাতে সর্বনিম্ন ৩৮ টাকা ব্যয় হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পার্সেল পৌঁছাতে ব্যর্থ হলে গ্রাহককে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। ডেলিভারিতে দেরি হলে সাত দিনের মধ্যে রিফান্ড ক্লেইম করার সুযোগ থাকছে। সঠিক সময়ে পরিষেবা নিশ্চিত করতে এবং গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতেই এই কঠোর ক্ষতিপূরণ নীতি গ্রহণ করেছে ইন্ডিয়া পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *