ইরাকে মার্কিন সামরিক বিমান ধ্বংস: দায় স্বীকার ইরানপন্থী গোষ্ঠীর, তুঙ্গে উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সঙ্গে চলমান সংঘাতের আবহেই ইরাকের আকাশসীমায় ভেঙে পড়ল মার্কিন বিমানবাহিনীর একটি ‘কেসি-১৩৫’ ট্যাঙ্কার বিমান। তেহরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই বিমানটি গুলি করে নামানোর দায় স্বীকার করেছে। তাদের দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। বিমানে পাঁচজন সেনাকর্মী ছিলেন বলে অনুমান করা হচ্ছে, তবে তাঁদের বর্তমান পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।
মার্কিন সেনাসূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুটি জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকের ওপর দিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনার কবলে পড়ে। পেন্টাগন কোনো হামলার কথা সরাসরি স্বীকার না করলেও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখছে। সাধারণত এই বিমানে তিনজন কর্মী থাকলেও, অতিরিক্ত দুজন সদস্যের উপস্থিতি নিয়ে রহস্য দানা বেঁধেছে। অন্য বিমানটি অবশ্য নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে এই নিয়ে চারবার মার্কিন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। গত সপ্তাহে কুয়েতেও ভুলবশত তিনটি মার্কিন বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। ইরাকের এই ঘটনায় ওই অঞ্চলের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। নিখোঁজ সেনাকর্মীরা শত্রু শিবিরের হাতে বন্দি কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

