ইরানকে কড়া বার্তা হেগসেথের: মার্কিন শর্তেই শেষ হবে যুদ্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আমেরিকার শর্তেই সমাপ্ত হবে। তিনি দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য পূরণে অভিযান সঠিক পথেই এগোচ্ছে এবং নিহত মার্কিন সেনাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এই মিশন সম্পন্ন করা হবে। হেগসেথের মতে, ইরানের প্রতিরক্ষা কাঠামোর ওপর পরিকল্পিত আঘাত হানা হচ্ছে।
রণক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। হেগসেথ আরও জানান, ইরানের ১১টি সাবমেরিনই ধ্বংস হয়ে গেছে এবং আইআরজিসি-র শীর্ষ নেতৃত্ব এখন মার্কিন নিশানায় রয়েছে। যদিও সাবমেরিন ধ্বংসের এই দাবির স্বপক্ষে এখনও কোনো স্বাধীন ও নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মার্কিন প্রশাসনের এই আক্রমণাত্মক অবস্থানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই দেশের এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। আপাতত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

